অর্থাভাবে বন্ধ হবে না কারও পড়াশোনা-এমপি বাবুল
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে অর্থাভাবে থাকা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি মেলান্দহ শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারকের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। এতে অংশ নেয় উপজেলার ২৮টি উচ্চ বিদ্যালয়, ৪টি মাদ্রাসা এবং ২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবুল শিক্ষার্থীদের মানবিক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, শুধু ভালো ফল করলেই হবে না, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সততা ও মূল্যবোধ নিয়ে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। টাকার অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে ভর্তি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার মানবিক আশ্বাস দেন তিনি।
শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া। সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিষ্টারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মঞ্জু, জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারসহ স্থানীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।




