জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট
স্টাফ রিপোর্টার: জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জামালপুরের ইসলামপুরে এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলার পর ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। এতে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ চার লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আতাউর রহমান আগা ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। এই সুযোগে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে সীমানায় থাকা ১০ থেকে ১২টি আম ও কাঁঠাল গাছ কেটে ফেলে। এরপর তারা বসতঘর ও রান্নাঘরে ভাঙচুর চালায়। ঘরের খাট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র টেনেহিঁচড়ে বাইরে এনে রাস্তার পাশের ডোবায় ফেলে দেয় তারা। এ সময় ড্রয়ারের তালা ভেঙে ব্যবসার চার লাখ টাকা লুট করা হয়। স্থানীয় কয়েকজন প্রতিবাদ করতে এগিয়ে এলে তাদেরও ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এই হামলায় সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
আতাউর রহমান আগা (৬৫) ধর্মকুড়া বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে গিয়ে তিনি এই ধ্বংসযজ্ঞ দেখতে পান। এই ঘটনায় একই বংশের কয়েকজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযুক্তরা হলেন দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ও দুলাল, মৃত দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম, এরশাদ, মিজান ও জিয়া, সাইফুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম, এরশাদের স্ত্রী তানিয়া বেগম এবং কাচিহারা আলাইপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।
ভুক্তভোগী আতাউর রহমান বলেন, খবর পেয়ে বাড়িতে এসে দেখি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আসবাবপত্র ডোবায় ফেলে দেওয়া হয়েছে এবং নগদ টাকাও নেই। আমি আইনের আশ্রয় নিয়েছি, সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
তবে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করা হবে এবং সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




