৬০০ টাকায় গরুর মাংস বিক্রি
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বাজারদরের তুলনায় কম দামে গরুর মাংস বিক্রি করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার। প্রতি শুক্রবার সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে মাত্র ৬০০ টাকা কেজি দরে তাঁর নিজস্ব খামারের দেশি ষাঁড়ের মাংস বিক্রি করা হচ্ছে।
স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে সকাল থেকেই সেখানে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেখানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে, সেখানে বাজারদরের চেয়ে কম দামে মাংস পাওয়ায় আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
উদ্যোক্তা হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল উদ্দেশ্য। আল্লাহর দেওয়া সম্পদ মানুষের জন্য কাজে লাগাতে চান তিনি।
তিনি বলেন, “আমার গরুর ফার্ম আছে, এটা আল্লাহর দেওয়া সম্পদ। অনেক গরু বড় হয়ে গেছে। তাই স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি শুক্রবার আমার ফার্মের চার-পাঁচটি গরু জবাই করে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করব।”
স্বল্পমূল্যে মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের প্রত্যাশা, মানুষের স্বার্থে নেওয়া এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, “যারা মাংস নিতে আসছেন, তাঁরা প্রত্যেকেই খুশি। প্রত্যেকটা ভালো কাজেই ইবাদত। চেষ্টা করি ভালো কাজ করার। সবকিছুর মালিক তো আল্লাহপাক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার সিরাজগঞ্জ জেলা ও পৌরবাসীর জন্য দোয়া থাকবে। সবাই মিলে-মিশে ভালো থাকব।”
মানুষের দুর্ভোগ লাঘবে কম দামে গরুর মাংস বিক্রির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।




