দুই বছরেও সংস্কার হয়নি শেরপুর ডাকবাংলো: পরিণত হয়েছে মাদকের আস্তানায়
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ২০২৪ সালের ৫ আগস্টের পর হামলার শিকার শেরপুর জেলা পরিষদ ডাকবাংলোটি গত দুই বছরেও সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাটি এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
একসময় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনে ব্যবহৃত হতো এই ডাকবাংলো। কিন্তু বর্তমানে ভবনটি তালাবদ্ধ ও অচল অবস্থায় পড়ে থাকায় একদিকে যেমন সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অযত্ন ও অবহেলায় অরক্ষিত ভবনটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই ডাকবাংলোর ভেতরে বখাটেদের আনাগোনা বাড়তে থাকে। ভবনটির ভেতরে নিয়মিত মাদকের আড্ডা বসায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং এলাকার মানুষ নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন।
এ বিষয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ জানান, ডাকবাংলোটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত টেন্ডার আহ্বানের মাধ্যমে এর কাজ শুরু করা হবে।




