মেলান্দহ

সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) ২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উপস্থিতিতে বিদায়ী কমিটির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ভিউ বাড়ানোর সাংবাদিকতা না করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। কারো প্রতি বিরূপ হয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা তাঁর ব্যক্তিগত বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এতে পেশাদারিত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও লাভবান হবে।” বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও জবাবদিহিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থী আমরা কেউ জবাবদিহিতার বাইরে নই। নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়ে আগামী তিন চার বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে পরিচিত করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

বিদায়ী সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন এবং নবনির্বাচিত সভাপতি মুসলিম ইবনে রবি। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি বস্তুনিষ্ঠ সেতুবন্ধন হিসেবে সাংবাদিক সমিতির ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে নির্বাচন কমিশন এবং বিদায়ী কমিটির সদস্যদের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজয়ী ২৪ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিউল্লাহ চৌধুরী, জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখাইরুল ইফতি ও সাখাওয়াত হোসেন জিকু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সমিতির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট জাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। এতে দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি মুসলিম ইবনে রবি সভাপতি এবং ক্যাম্পাস টাইমস-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

Related Articles

Back to top button