জামালপুর

ডেঙ্গু রোগীদের মধ্যে জেলা যুবদলের মশারি বিতরণ

স্টাফ রিপোর্টার: জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও রোগীদের সহায়তায় মশারি বিতরণ করেছে জেলা যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের হাতে এসব মশারি তুলে দেওয়া হয়।

জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় সোহেল রানা খান বলেন, ডেঙ্গু এখন জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রতিরোধে গুরুত্ব দেওয়া জরুরি। নিয়মিত মশারি ব্যবহার করা গেলে সংক্রমণের ঝুঁকি অনেক কমানো সম্ভব। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো দায়িত্ব মনে করেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

যুবদল নেতারা জানান, রোগীদের মশারি দেওয়ার পাশাপাশি মশক নিধন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও করা হবে।

কর্মসূচিতে জেলা যুবদল ছাড়াও বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button