নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদির মৃত্যু
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী নাতি তামীম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাতাসী বেওয়া ওই গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী এবং আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।
বাতাসী বেওয়া’র স্বজনেরা জানান- শনিবার সকালে নিজ ঘরের একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল শিশু তামীম। এ সময় ঘরের বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বিপদমুক্ত করতে দ্রুত ছুটে যান দাদি বাতাসী বেওয়া। তাকে ধরতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার দুপুর ২টার দিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।




