জামালপুর

অবৈধ ইটভাটাতে অভিযান: র‌্যাবের গাড়ি ক্ষতিগ্রস্থ

স্টাফ রিপোর্টার: জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালনা করায় দুইটি ইটভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র‍্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেলে জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি ও শরিফপুরের গোবিন্দপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান- বিকেলে গোবিন্দপুর এলাকার ‘জিরন ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় হঠাৎ করেই ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র‍্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্থ হয়। হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জীরণ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পিঙ্গলহাটার ‘যমুনা ব্রিক ফিল্ডে’ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইটভাটার মালিকের মা রোজিনা বেগম এবং ওই ভাটার অন্যতম অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্য অংশীদাররা পালিয়ে যান।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান- র‍্যাবের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ায় এক নারীসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে র‍্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান- জামালপুর সদর উপজেলার চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুইটি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে। এসময় জিরন ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও এর চিমনি ধ্বংস করা হয়। পরে যমুনা ব্রিকসের মালিকপক্ষ না থাকায় এর চিমনি ধ্বংস করা হয়। পরবর্তীতে আবারো অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ মোবাইল ফোনে জানান- অভিযান পরিচালনার সময় একজন মানসিক ভারসাম্যহীন নারী র‌্যাবের গাড়িতে ঢিল ছুড়ে। সেই ঢিলের কারনে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্থ হয়। পরে নারীকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button