মতিন রহমান: জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।
আর এই মামলার প্রধান আসামী সাদিককে খালাস প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামের মো: শিপন, ইব্রাহিম ও ইউসুফ।
মামলার রাষ্টপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ইসলামপুরের শিলদহ এলাকায় চাচাতো ভাই সাদিকের সাথে স্কুল ছাত্রী কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক স্কুল ছাত্রীকে ডেকে একটি জঙ্গলে নিয়ে যায় ও ধর্ষণ করে। ঘটনাস্থলের পাশেই উৎপেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুপ আসলে সাদিক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন ওই স্কুল ছাত্রী। পরে জ্ঞান ফিরলে স্কুল ছাত্রীকে বাড়িতে দিয়ে আসে শিপন, ইব্রাহিম ও ইউসুপ ।
ফজলুল হক আরো জানান- অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রথমদিকে না পারলেও পরে গ্রামবাসীর সহায়তায় ঘটনার ১৬ দিন পর ইসলামপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে গ্রেপ্তার আসামীরা আদালতে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলা দায়েরের দুই বছর পর ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় ঘোষনা করেন। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় প্রধান অভিযুক্ত ও ভুক্তভোগীর চাচাতো ভাই সাদিককে খালাস প্রদান করেছেন আদালত।




