দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি: জামালপুরে অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার: নদীপথে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি।
আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এই চূড়ান্ত শুমারি পরিচালিত হবে।
এ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
ইউসুফ আলী বলেন- নৌযান চলাচলকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে সরকার এই উদ্যোগ নিয়েছে। শুমারির তথ্য নদী পথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
সভায় জামালপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সাব্বির আহমেদ জানান- নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এই শুমারি বাস্তবায়ন করছে। চূড়ান্ত শুমারি শুরুর আগে ইতোমধ্যে প্রাথমিক তিনটি ধাপের কাজ শেষ হয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী, জামালপুরের সাতটি উপজেলায় মোট ২ হাজার ৬৭০টি ইঞ্জিনচালিত নৌযান রয়েছে। এর মধ্যে খানা ভিত্তিক নৌযান ১ হাজার ৫৬৭টি এবং ঘাট ভিত্তিক নৌযান ১ হাজার ১০৩টি।




