৮১২ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ টাকা জব্দ: কারবারি পলাতক
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯ হাজার ৫০ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৯ আগস্ট) বিকেলে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি রুবেল মিয়া পালিয়ে যান।
গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলা মোড় এলাকার লালু মিয়ার ছেলে রুবেলের বাড়িতে এই তল্লাশি চালায়। তার বসতঘর থেকেই মূলত ইয়াবা ও বিপুল পরিমাণ এই নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান- পলাতক রুবেল মিয়াকে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তরুণ সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদকচক্রের বিরুদ্ধে তরুণ সমাজকে ২৪-এর মতো আবারও জেগে উঠতে হবে। আপনাদের সামান্য সহযোগিতা ও তথ্য পেলে আমরা খুব দ্রুত এই সমাজকে মাদকমুক্ত করতে পারব।”




