বকশীগঞ্জ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকার সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি শোভাযাত্রায় অংশ নেন। র‍্যালিটি এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে ধর্মপল্লী প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার প্রতিষ্ঠা, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সমান সুযোগ সৃষ্টির দাবি জানান।

বক্তারা বলেন, শুধু দিবস পালন বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে আদিবাসীদের বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আদিবাসীদের স্বকীয় সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশের মাঠ কর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফতেমনি সাংমা। আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগোর সঞ্চালনায় স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় বক্তব্য দেন।

পরবর্তী পর্বে স্থানীয় ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা তাঁদের নিজস্ব ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন।

Related Articles

Back to top button