সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
জুয়েল রানা, জামালপুর: সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জামালপুরে কোরবানি দিতে অক্ষম ৭৫টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় ‘মুসলিম এইড ইউকে’-এর অর্থায়নে এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে জামালপুর সদর উপজেলায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রতি পরিবারকে ৪ কেজি করে কোরবানির মাংস প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান- ঈদ আনন্দের এই ভাগাভাগিকে নিখুঁত ও সফল করতে ঈদের আগেই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। জামালপুর সদর উপজেলার ইটাইল এবং তুলসীর চর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করতে প্রথমে একটি নিবিড় জরিপ পরিচালনা করা হয়। সেই জরিপের ডাটাবেজ অনুযায়ী প্রকৃত উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যার ফলে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
মাংস বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিনিধি আবু সাঈদ খান ও মনিরুজ্জামান মানিক।
এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ স্বেচ্ছাসেবকের সক্রিয় ও অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়।




