মাদারগঞ্জ

ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১: গুরুতর আহত ১

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- একটি মোটরসাইকেলে দুই আরোহী ভেলামারী আনন্দ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দিপু (৩২) নামে একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

নিহত দিপু জামালপুর সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় জামালপুর শহরের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান- সন্ধ্যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দিপু নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে।

স্নেহাশীষ রায় আরও জানান- দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button