দেওয়ানগঞ্জপ্রধান খবর

বিএসএফ’র পুশইন-বিজিবির বাধা, ১৭ ঘন্টা ধরে শূণ্য রেখায় যুবক

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তে এক যুবককে পুশইনের চেষ্টা করেছে (বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ১৭ ঘন্টা যাবত ওই যুবক আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।

​সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা বিওপির ১০৭৮ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

​সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান- সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় বিসিএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয়রা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাকে আটকে দেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরে বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় পাঠিয়ে দেয়।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম মিয়া বলেন, সীমান্তে পুশইনের খবর শুনে এলাকাবাসী নিয়ে বিজিবিকে সহায়তা করেছি।

​এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান- “বিএসএফ এখন কৌশল বদলে দুর্গম ও পাহাড়ি অঞ্চল গুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতে ওই এলাকায় একজনকে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে তা সফল হয়নি। অনুপ্রবেশের চেষ্টা চালানো ওই ব্যক্তি বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন এবং সীমান্তে বিজিবির সর্তক নজরদারি বজায় রয়েছে।”

Related Articles

Back to top button