জামালপুরপ্রধান খবর

সংসদ অধিবেশন ও সংসদ ভবন পরিদর্শনে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক

সংসদ ভবনে বিএনপির এমপির সঙ্গে ছবি ভাইরাল

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অধিবেশন ও সংসদ ভবন পরিদর্শন করেছেন জামালপুর-৩ আসন থেকে নির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনের এমন বেশ কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করা হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।

বুধবার (২৪ জুন) বিকেলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তার নিজস্ব ভেরিফাইট ফেইসবুকে ছবি গুলো পোস্ট করেন।

বুধবার বেলা ১ টার দিকে জাতীয় সংসদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই আওয়ামী লীগ নেতা। ছবিগুলো সেই সময়ে তোলা হয়েছে।

ওই আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ জেলার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৩ নম্বর যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আর মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ দলীয় পদের বিষয়টি স্বীকার করে বলেছেন- ঢাকায় কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে এসেছি। মিটিং ছিল। মিটিং শেষে বেলা ১ টার দিকে সংসদ ভবনে গিয়েছিলাম।

এ বিষয়ে কথা বলতে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির দুই শীর্ষ নেতার সাথে আওয়ামী লীগের একজন সক্রিয় নেতার এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও উভয় দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে নানামুখী গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button