কানে তুলা আর হাতে থালা: শব্দদূষণের প্রতিবাদে শিক্ষকের ব্যতিক্রমী কর্মসূচি
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ক্রমবর্ধমান শব্দ দূষণ এবং প্রশাসনের নীরবতার প্রতিবাদে কানে তুলা আর হাতে থালা নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন শেরপুরের এক কলেজ শিক্ষক।
রবিবার (১২ জুলাই) সকালে নালিতাবাড়ী শহরের বিভিন্ন সড়কে চামচ দিয়ে স্টিলের থালা বাজিয়ে তিনি এই অভিনব প্রতিবাদ জানান। প্রতিবাদকারী ওই শিক্ষকের নাম মো. নুরুজ্জামান। তিনি উপজেলার নন্নী কলেজের প্রভাষক।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন এই শিক্ষক। তার ভাষ্য, বর্তমানে শব্দদূষণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এবং পাহাড়ি বনাঞ্চলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বনের পাখি ও প্রাণীরাও তাদের স্বাভাবিক পরিবেশ হারাচ্ছে।
দেশে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, দিনরাত যানবাহনের হর্ন, উচ্চ শব্দের মাইক ও ডিজে সাউন্ড সিস্টেমের কারণে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং বয়স্করা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গভীর রাত পর্যন্ত সব জায়গায় উচ্চ শব্দে গান বাজানো হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
থালা বাজানোর কারণ ব্যাখ্যা করে নুরুজ্জামান তুলে ধরেন, এর মাধ্যমে তিনি প্রতীকীভাবে বোঝাতে চেয়েছেন যে শব্দদূষণ মানুষের মস্তিষ্ক ও কর্মক্ষমতার ওপর কতটা মারাত্মক প্রভাব ফেলে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এই শিক্ষক।
শিক্ষকের এমন অভিনব প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উচ্চ শব্দের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। মূলত জনসচেতনতা তৈরি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। অনেকেই শব্দদূষণ রোধে প্রশাসনের আরও কঠোর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানিয়েছেন, শব্দদূষণ সবার জন্যই ক্ষতিকর। বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এটি নিরসনে কীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।




