রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা: অর্ধনমিত রাখা হয়নি জাতীয় পতাকা
এম আর সাইফুল,মাদারগঞ্জ: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বুধবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। তবে এই উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি নির্দেশনা মানা হয়নি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়েকটি সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। কোথাও পতাকা পূর্ণ উত্তোলিত রাখা হয়, আবার কোথাও তা একেবারেই ওড়ানো হয়নি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসে জাতীয় পতাকা পুরোটা উত্তোলিত রয়েছে। অন্যদিকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখা, সোনালী ব্যাংক পিএলসি মাদারগঞ্জ শাখা এবং জনতা ব্যাংক পিএলসি বালিজুড়ী শাখায় কোনো পতাকাই উত্তোলন করা হয়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী মন্তব্য করেন, মাদারগঞ্জ অফিসার্স গ্রুপে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছিল। যারা এই নির্দেশনা সম্পর্কে জানেননি বা পালন করেননি, এর দায় তাদেরই নিতে হবে।
নির্দেশনা না মানার বিষয়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন তার ভাষ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। তবে বিষয়টি জানার পর বেলা ১১টার পরই পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. সাহিদুল ইসলাম জানিয়েছেন, সংশ্লিষ্টদের আগেই অবগত করা হয়েছিল। কেন নির্দেশনা মানা হয়নি, তা খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমন আক্তার দাবি করেন, তিনি কর্মীদের পতাকা ওড়ানোর কথা জানিয়েছিলেন। ব্যাংকে অডিট চলার কারণে তারা হয়তো ভুলে গিয়েছিলেন। পরে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন মন্তব্য করেন, সরকারি নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। আগের রাতেই তাদের গ্রুপে এই সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছিল।

অন্যদিকে সোনালী ব্যাংক মাদারগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার জহুরুল ইসলাম ও জনতা ব্যাংক বালিজুড়ী শাখার এসপিও মনিরুজ্জামান জানিয়েছেন, তারা নিয়মিত পতাকা উত্তোলন করেন না, কেবল বিশেষ দিবসে তা করা হয়। তবে বুধবারের রাষ্ট্রীয় শোক দিবস সম্পর্কে তারা অবগত ছিলেন না বলে জানান।
উল্লেখ্য, আধুনিক কাতারের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। প্রজ্ঞাপনে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার নির্দেশনাও ছিল।




