ঘর থেকে নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার গাবের গ্রাম ঝালুপাড়া এলাকা থেকে অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে নিজ ঘর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অপু বর্মন ওই এলাকার সুবারন বর্মনের ছেলে। তিনি মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে নরসুন্দর হিসেবে কাজ করতেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বজনরা ঘরের ভেতরে অপুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
ঘটনার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।




