মাদারগঞ্জ

জামায়াতের সাবেক আমির ওয়াহেদ কারাগারে

আব্দুল ওয়াহেদ

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রায় ৩৯১ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলোচিত আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

জানা যায়, আল আকাবা সমবায় সমিতিতে ১২ হাজার ৬৬১ জন গ্রাহকের মোট ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা আমানত ছিল। বিপুল অঙ্কের এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়- ২০২৫ সালে এক ভুক্তভোগী গ্রাহক সমিতির পরিচালকদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করেন। আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে এমন মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

আইনি প্রক্রিয়ার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানিয়েছেন, গ্রেপ্তারের পর র‍্যাব ওই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button