বকশীগঞ্জ

বৈষম্যহীন দেশ গড়ার আহ্বানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মতিন রহমান, বকশীগঞ্জ: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও সহসভাপতি অ্যাডভোকেট মুকাম্মেল হক।

এছাড়া বক্তব্য পেশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।

অনুষ্ঠানে বিশেষ আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রিপনের মা রাহেনা পারভীন, জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানি, নাজমুস সাকিব এবং আহত পরিবারের পক্ষে ওয়ালি ইসলাম রাজুর পিতা সাংবাদিক রাজ্জাক মাহমুদ তাদের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করেন।

সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button