গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৬ ঘণ্টা দেরিতে দেওয়ানগঞ্জ ছাড়ল তিস্তা এক্সপ্রেস
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাবে শুক্রবার বিকেল ৩টার আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস প্রায় সাড়ে ৬ ঘণ্টা দেরিতে রাত সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়- ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস প্রায় সাড়ে ৮ ঘণ্টা দেরিতে রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। নির্ধারিত সময়ের ট্রেন ধরতে এসে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
ট্রেনের এমন দীর্ঘ বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অপেক্ষারত যাত্রীরা। তারা উল্লেখ করেন, দেওয়ানগঞ্জ-ঢাকা রেলপথটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং মাঝেমধ্যেই এই রুটে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। কিছুদিন আগেও ময়মনসিংহ স্টেশনের আগে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল।
যাত্রীদের দাবি, এসব ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিলে বারবার এমন ভোগান্তির শিকার হতে হতো না। রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে তারা মন্তব্য করেন, গভীর রাতে গন্তব্যে পৌঁছানো ছাড়া তাদের সামনে এখন আর কোনো উপায় নেই।
সার্বিক বিষয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল বাতেন শিডিউল বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, গফরগাঁও স্টেশনে কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই রুটের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। মূলত এ কারণেই তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জে পৌঁছাতে ও ছেড়ে যেতে এতটা বিলম্ব হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই যাত্রী দুর্ভোগের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।




