ব্রহ্মপুত্রে ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল: চ্যাম্পিয়ন ‘একতা’
জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলার তুলশিচর ইউনিয়নের জামতলী বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সোনার বাংলা নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একতা নৌকা।
খেলা শেষে প্রথম স্থান অধিকারী একতা নৌকার প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেলের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন।
আয়োজকরা জানায়- দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশ নেয়। শুক্রবার বিকেলে ইটাইল নৌকা ঘাট থেকে জামতলী ঘাট পর্যন্ত নির্ধারিত রুটে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে একতা ও সোনার বাংলা নৌকা। উত্তেজনাপূর্ণ এই চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ করতে নদের দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে, যা পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি করে। এর আগে বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে নৌকা বাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন প্রধান অতিথি অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচিত করবে বলে নিজের বক্তব্যে তুলে ধরেন তিনি।
তুলশিচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মোকসেদুর রহমান হারুন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, প্রচার সম্পাদক সুফিয়ান কবির শিপন, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টো, ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আতিক এবং ৪ নম্বর তুলশিচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসা।
এছাড়া অনুষ্ঠানে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




