খালেদা জিয়ার জন্মদিনে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে জনকল্যাণমুখী এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কার্যক্রম শেষে স্থানীয় একটি মাদ্রাসাতে ছাত্রদের নিয়ে বেগম খালেদা জিয়ার জান্নাত কামনায় একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ বিষয়ে সোহেল রানা খান জানান- জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব না করে পরিচ্ছন্ন শহর গড়ার বার্তা দিতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। শহর পরিষ্কার রাখা শুধু প্রশাসনের নয়, এটি সবার সামাজিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন।
যুবদলের নেতাকর্মীরা ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এমন সামাজিক ও কল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, যুবদলের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




