নৌযান শুমারির বর্ণাঢ্য প্রচারাভিযান শুরু
স্টাফ রিপোর্টার: আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি ২০২৬।
এই কার্যক্রম সফল করার লক্ষ্যে বুধবার (১৯ আগস্ট) জামালপুরে এক বর্ণাঢ্য র্যালি ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় জনসচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় শহরের দেওয়ানপাড়া মোড় থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে শুমারির প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
র্যালিতে পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শুমারিকর্মীরা অংশ নেন। এ সময় ‘শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগানে সাধারণ মানুষকে আসন্ন তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে সচেতন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক সাব্বির আহমেদ।
তিনি জানান, নৌযান শুমারির মাধ্যমে এই খাতের সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া যাবে, যা দেশের উন্নয়ন পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখবে।
তিনি শুমারিকর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং সংগৃহীত তথ্যের পূর্ণ গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেন।




