জামালপুরে ভোটকেন্দ্রে টাকা ও দেশীয় অস্ত্রসহ ৭ জন আটক

স্টাফ রিপোর্টার :
জামালপুর সদর উপজেলার মিরাপুর এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে টাকা ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি ভোটকেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা অটোরিকশাটি আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নুরুন্দি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ জনকে হেফাজতে নেয়। পরে তাদের দেহ ও অটোরিকশা তল্লাশি করে নগদ প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন, কিছু ভোটার স্লিপ এবং অটোরিকশার সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি ‘দা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় জানা যায় নি। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে। স্থানীয় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা জামায়াতের কর্মী। অন্যদিকে জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, আটককৃতরা তাদের সংগঠনের কেউ নন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।




