দেওয়ানগঞ্জ

জাটকা মাছ ধরার সময়  ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ

মহসিন রেজা রুমেল ,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরার সময়  ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১কেজি পরিমান জাটকা মাছ জব্দ করা হয়। এছাড়াও দুইজনকে আটক করা হলেও হতদরিদ্র ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়ার কথা জানিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) উপজেলার খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম ও বাহাদুরাবাদ নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণসহ পুলিশ সদস্যরা উপস্থিত  ছিলেন।

উপজেলা মৎস্য অফিস থেকে জানা যায়- বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার খোলাবাড়ী ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় জাটকা মাছ ধরার সময় এক জেলে ও তার ছেলে কে আটক করা হয়। তবে আটককৃতরা হতদরিদ্র ও একজন কিশোর হওয়ায় তাদেরকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ১৫০০ মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও জব্দ হওয়া জাটকা মাছ স্থানীয় হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন জানান- অভিযুক্তরা হতদরিদ্র ও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

১ নভেম্বর থেকে ৩০ শে জুন পর্যন্ত জাটকা মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিপণন সম্পূর্ণ নিষেধ।

Related Articles

Back to top button