দেওয়ানগঞ্জ

পার্কে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-প্রহরী গ্রেপ্তার

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সী এক শিশু কন্যাকে পার্কের ভিতর ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে পার্কের নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (০৮ মে) রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকায় দূর্গা বাগান বাড়ী পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (০৯ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আবদুল খালেক পৌর শহরের চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি দূর্গা বাগান বাড়ী পার্কের নৈশ প্রহরী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন ।

মামলা থেকে জানা যায়- ভুক্তভোগী ওই শিশুর বয়স তিন বছর। গতকাল দুপুরে শিশুটি খেলার ছলে ওই পার্কে যায়। এসময় অভিযুক্ত খালেক তাকে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুটি বাসায় গিয়ে জানালে সেদিন রাতে অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন তার মা। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ওই শিশুর মা বলেন- “ওই পার্কের সামনে আমার বাড়ী। গতকাল শুক্রবার আমার মেয়ে দূর্গা বাগান বাড়ী নামের ওই পার্কে খেলতে যায়। পার্ক থেকে ফিরে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে সে জানায় পার্কের নৈশ প্রহরী খালেক পার্কের রান্না ঘরে ডেকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি টের পেলে খালেক পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই “

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন- “তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।”

Related Articles

Back to top button