মেলান্দহ

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হামিদুল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন, জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামী নোয়ারপাড়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, চর গোবিন্দী বালিকা মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং চর গোবিন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদসহ আরো অনেকে।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন- চর গোবিন্দী জামালপুরের তিনটি উপজেলা মেলান্দহ, মাদারগঞ্জ ও ইসলামপুর এর সীমান্তবর্তী স্থান হওয়ায় এ এলাকায় সুযোগ পেলেই কিছু অসাধু চক্র মাদক সেবন, মাদক বিক্রি ও জুয়ার আসর বসানোর অপচেষ্টা চালায়। এসব কর্মকাণ্ডের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন- মাদক, জুয়া ও অপরাধ দমনে প্রশাসনের নিয়মিত টহল ও কঠোর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একইসঙ্গে তরুণ সমাজকে রক্ষায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Related Articles

Back to top button