বকশীগঞ্জ

সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী: থানায় অভিযোগ

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে গত সাত দিন ধরে দুই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি (১১)।

ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়- গত ১৭ জুন (২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে ওই দুই ছাত্রী বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তাদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ পরিচিত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, থানায় অভিযোগ দেওয়ার পরেও দীর্ঘ সাত দিনেও মেয়েদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বলেন: “আমার মেয়ে ১৭ জুন বিকেল থেকে নিখোঁজ। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান পাচ্ছি না। গত সাতটি দিন আমাদের ওপর দিয়ে যে কী মানসিক যন্ত্রণা যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা না পাওয়ায় আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছি। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, তারা যেন দ্রুত আমার মেয়ে ও তার সঙ্গীকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্ত করতে আমাদের টিম মাঠে কাজ করছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি ।

Related Articles

Back to top button