জামালপুর

ইয়াবাসহ আটকের পর বহিষ্কার যুবদল নেতা

জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার টাকাসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ইউনিয়নের দেবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

আটক ব্যক্তির নাম ইমন সরকার ওরফে সুমন। তিনি শৈলেরকান্দা পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং স্থানীয়ভাবে ‘সুমন মেম্বার’ নামে পরিচিত। জানা গেছে, সুমন ৫ নম্বর ইটাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

নরুন্দি তদন্ত কেন্দ্র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপপরিদর্শক (এসআই) আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল দেবের বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ও নগদ অর্থসহ সুমনকে আটকের পর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক এ টি এম মাহমুদুল হক উল্লেখ করেন, আটক ব্যক্তির বিরুদ্ধে এলাকায় আগে থেকেই মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে এতদিন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।

এই ঘটনার ইমন সরকারকে দলীয় সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান ও বহিষ্কার করে জামালপুর জেলা যুবদল।

Related Articles

Back to top button