বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: পরিকল্পিত পরিবার গঠনের তাগিদ
এম আর সাইফুল মাদারগঞ্জ: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় অংশ নিয়ে বক্তারা পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের সুরক্ষা এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতারা নিজেদের মতামত তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, মাদারগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
পাশাপাশি এই আয়োজনে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক এস. এম. সোহেল রানা, আদারভিটা ইউনিয়নের পরিদর্শিকা সুমাইয়া এবং সিধুলী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী খালেদা বেগম প্রমুখ।




