বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: প্রতিবেশী আটক
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মো. নূর আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক নূর আলম দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পাটা ধোয়াপাড়া এলাকার মো. হেকমত মন্ডলের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়- ভুক্তভোগী নারীর স্বামী আড়াই বছর ধরে সৌদি আরবে রয়েছেন। প্রতিবেশী হওয়ার সুবাদে নূর আলমের সঙ্গে তাঁর পরিচয় ছিল। এই পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।
এজাহারে অভিযোগ করা হয়- গত ৩০ জুলাই নূর আলম পান খাওয়ানোর কথা বলে ওই নারীকে নিজ বাড়িতে ডেকে নেন। ওই সময় বাড়িতে তাঁর স্ত্রী ও সন্তানরা ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী স্থানীয় লোকজন এবং প্রবাসে থাকা স্বামীকে পুরো ঘটনা জানান। স্বামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শনিবার রাতে দেওয়ানগঞ্জ থানায় গিয়ে তিনি মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান-শনিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করার পরপরই পুলিশ অভিযান চালায়। ওই রাতেই অভিযুক্ত নূর আলমকে আটক করা হয় এবং রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




