জামালপুররাজনীতি

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ হলে সরকারের পতন হতে পারে: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে বর্তমান সরকারও টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর শহরের লুইজ ভিলেজ পার্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

শিবির সভাপতি বলেন, মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে আছে। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বেকারত্ব বাড়ছে। সরকার এ সংকট নিরসনে দ্রুত উদ্যোগী না হলে তাদের পতন হতে পারে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন সংকট ছিল না। তখন বলা হয়েছিল নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু নির্বাচনের পর কোনো সংকটেরই সমাধান হয়নি, উল্টো চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়েছে।

সরকারের বিভিন্ন নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরগুলোতে অযোগ্য লোক বসানো হয়েছে। যোগ্যতার মূল্যায়নে সরকারের কোনো সদিচ্ছা নেই। দুর্নীতি, বাণিজ্যিক অনিয়ম ও সিন্ডিকেট বন্ধ করতে না পারার কারণেই তেল-গ্যাসের মতো সংকট আজ মাত্রা ছাড়িয়ে গেছে।

বিরোধী দলগুলোর প্রস্তাবকে সরকার অবমূল্যায়ন করছে অভিযোগ করে সাদ্দাম বলেন, বিরোধী দল যখন সংকট নিরসনের প্রস্তাব দেয়, তখন তা তুচ্ছতাচ্ছিল্য করা হয়। সরকার জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি রাখছে না। মানুষের ভোগান্তি নিরসনে সরকারি ও বিরোধী দলকে এক টেবিলে বসে সমাধান খোঁজার আহ্বান জানান তিনি।

এর আগে জাবিপ্রবি ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি পবিত্র কোরআন শরিফ, ব্যাগ, কলম, ইসলামিক বইসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।

জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button