জামালপুরে বিএনপির ইতিহাসে দ্বিতীয় পূর্ণ মন্ত্রী মিল্লাত

মতিন রহমান,বকশীগঞ্জ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এর মধ্য দিয়ে জামালপুর জেলা বিএনপির রাজনৈতিক ইতিহাসে দ্বিতীয় পূর্ণ মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
নবগঠিত মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে এই শপথ অনুষ্ঠিত হয়। এর আগে এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্পিত দায়িত্ব পালনে দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাকে পূর্ণ মন্ত্রীর পদে উন্নীত করা হলো।
জামালপুরে বিএনপির রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন জামালপুর জেলার সন্তান হিসেবে নিযুক্ত প্রথম পূর্ণ মন্ত্রী। দীর্ঘ সময় পর এম রশিদুজ্জামান মিল্লাত শপথ নেওয়ার মাধ্যমে জেলা বিএনপির ইতিহাসে দ্বিতীয় পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হলেন।
তার পূর্ণ মন্ত্রী হওয়ার সংবাদ দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জসহ পুরো জামালপুরে পৌঁছালে মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করেন দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ। স্থানীয়দের মতে, প্রতিমন্ত্রী থাকা অবস্থাতেই তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় দেশজুড়ে বিমান ও পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের সার্বিক অগ্রগতি আরও গতি পাবে।
এর আগে বিভিন্ন সরকারের আমলে জামালপুর জেলা থেকে এম এ সাত্তার, আবুল কালাম আজাদ এবং রেজাউল করিম হীরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।




