ইসলামপুর

ইঞ্জিন বিকলে ইসলামপুরে দেড় ঘণ্টা আটকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। পরে দেওয়ানগঞ্জ থেকে প্রকৌশলী দল গিয়ে ইঞ্জিন মেরামত করলে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

শনিবার সকালে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন ট্রেনের যাত্রীরা, বিশেষ করে যাদের কর্মস্থল বা জরুরি কাজে পৌঁছানোর কথা ছিল।

স্টেশন থেকে জানা যায়- দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৫৩ মিনিটে ইসলামপুর স্টেশনে পৌঁছায়। দুই মিনিট যাত্রা বিরতি শেষে সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ছাড়ার প্রস্তুতি নিলে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতে ট্রেনটি আর এগোতে না পেরে লাইনেই আটকে যায়।

বিষয়টি সঙ্গে সঙ্গে ময়মনসিংহ ও দেওয়ানগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। দেওয়ানগঞ্জ থেকে একটি প্রকৌশলী দল সকাল ৭টা ৪৫ মিনিটে ইসলামপুরে পৌঁছে মেরামত কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে ইঞ্জিনটি আবার সচল করা সম্ভব হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ইসলামপুর ছেড়ে যায়।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনমাস্টার শাহীন মিয়া জানান- ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়ার পর দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়। প্রকৌশলী দল এসে ত্রুটি মেরামত করার পর সকাল ৮টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তিনি আরও জানান, এই ঘটনার ফলে ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

Related Articles

Back to top button