ঝড়ে রাস্তার ওপর পড়লো মোবাইল টাওয়ার
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি মোবাইল টাওয়ার উপড়ে রাস্তার ওপর পড়ে গেছে।
শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের নইমের হাটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এতে রবি ও এয়ারটেল কোম্পানির যৌথ ব্যবহারের বিশাল টাওয়ারটি ভেঙে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান- আজ ভোরে হঠাৎ শুরু হওয়া ঝড়ের কবলে পড়ে টাওয়ারটি গোড়া থেকে মচকে গিয়ে সরাসরি সড়কের ওপর আছড়ে পড়ে। বর্তমানে টাওয়ারের বিশাল আকৃতির লোহার কাঠামোটি রাস্তার ওপর অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলে আছে। ঝুঁকি নিয়েই টাওয়ারের নিচ দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় পথচারী ও এলাকাবাসী।
টাওয়ারটি ভেঙে পড়ার সময় রাস্তায় কোনো যানবাহন বা পথচারী থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন- ঝড়ে টাওয়ারটি ভেঙে পড়ে রাস্তার ওপর ঝুলে আছে। বিষয়টি সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কোম্পানি ও প্রশাসনকে অবহিত করা হয়েছে যেন দ্রুত এটি অপসারণ করা হয়।




