দেওয়ানগঞ্জ

মসজিদে টিকটক-সমালোচনায় ছাত্রীকে টিসি দিল প্রধান শিক্ষক

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় মডেল মসজিদে গিয়ে টিকটক ভিডিও করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রবিবার (১১ মে) দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান এর সাক্ষরিত এক নোটিশে ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়।

ছাড়পত্র পাওয়া ওই শিক্ষার্থী  দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের ছাত্রী ছিলেন।

গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ছাত্রী স্কুল ড্রেস পরে মডেল মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিও তৈরি করছেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের ভাবমূর্তির পরিপন্থী বলে মন্তব্য করেন।

বিদ্যালয়ের প্রকাশিত ছাড়পত্রে উল্লেখ করা হয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, যা বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়, সে কারণে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন- বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা নৈতিকতা ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজেদের পরিচালনা করুক।

Related Articles

Back to top button