মাদারগঞ্জ

তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিট স্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে।

টুনু আকন্দের স্বজনেরা জানান- বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড তাপদাহের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে যান। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার ছেলে রিফাত আকন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কাজ না করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।”

Related Articles

Back to top button