দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে চবির জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন ও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ
স্টাফ রিপোর্টার: নদীভাঙন কবলিত প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের সন্তান এবং সাবেক গার্মেন্টস কর্মী এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির দায়িত্ব নিয়েছে ‘জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চবি’ এবং সংগঠনের সাবেক এলামনাই ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। অর্থাভাবে মেধাতালিকায় স্থান পেয়েও ওই শিক্ষার্থীর ভর্তি যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন সংগঠন ও এই রাজস্ব কর্মকর্তার যৌথ উদ্যোগে তার চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়। শিক্ষার্থীটি বর্তমানে চবির ইংরেজি বিভাগে অধ্যয়নরত।
খোঁজ নিয়ে জানা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় ওই শিক্ষার্থী এসএসসি পাসের পর অভাবের তাড়নায় নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। শত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে তিনি এইচএসসিতে জিপিএ-৪.৭৫ পান এবং চবির ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম কয়েক শতকের মধ্যে স্থান করে নেন। কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে না পেরে শেষ সময়ে ‘জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চবি’-এর ফেসবুক পেজে যোগাযোগ করলে সংগঠনের নেতৃবৃন্দ চবির আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুকসহ সাবেক নেতৃবৃন্দের সহযোগিতায় দ্রুত তার প্রাথমিক ভর্তির ব্যবস্থা করেন। পরে জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক জিয়াউল হকের মধ্যস্থতায় বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর নজরে আনা হলে তিনি শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তির সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- অর্থাভাবে যখন উচ্চ শিক্ষার স্বপ্ন ভেঙে যাচ্ছিল, তখন তারা পাশে দাঁড়িয়ে মানসিকভাবেও সাহস জুগিয়েছেন।
চবি জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি আরাফাত বিন ফারুক জানান- শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের নির্দেশনায় সংগঠনটি জামালপুরের শিক্ষার্থীদের যেকোনো সহায়তায় প্রস্তুত রয়েছে। সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে কোনো মেধাবীর স্বপ্ন ঝরে পড়বে না।
সাবেক এলামনাই ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন- তার প্রয়াত পিতা ভাষা সৈনিক আ.জা.মু আশরাফ হোসাইন ফারুকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই সহযোগিতা করেছেন। অর্থাভাগে কোনো মেধাবীর উচ্চশিক্ষা যেন থমকে না যায়, সেজন্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




