মেলান্দহখেলা

সচেতনতার বার্তা নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: মাদক, জুয়া ও অনলাইন আসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর যুবদলের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৯০ মিনিটের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশে শিশু, কিশোর, তরুণ, যুবক, মধ্যবয়সী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা উপভোগের পাশাপাশি দর্শকদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তাও ছড়িয়ে দেওয়া হয়।

ম্যাচ শুরুর আগে ক্ষুদে সমর্থকদের হাতে “মাদককে না বলুন”, “জুয়া ও অনলাইন আসক্তি থেকে দূরে থাকুন”, “শিশুশ্রম বন্ধ করুন” এবং “প্লাস্টিক বর্জন করুন” লেখা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়। আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আর্জেন্টিনা দলের কোচ ছিলেন হাজরাবাড়ি পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন। দলটির অধিনায়ক ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাজু। ম্যানেজারের দায়িত্ব পালন করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিহাব ফেরদৌসি।

ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন হাজরাবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ। দলটির অধিনায়ক ছিলেন পৌর যুবদল নেতা হুমায়ুন আহমেদ। ম্যানেজারের দায়িত্ব পালন করেন হাজরাবাড়ি পৌর শ্রমিক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন।

হাজরাবাড়ি পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন মন্তব্য করেন, বর্তমান সময়ে মাদক, জুয়া ও অনলাইন আসক্তি যুবসমাজের জন্য বড় হুমকি। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই তাদের এই আয়োজন।

হাজরাবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ উল্লেখ করেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলে। যুবসমাজকে অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, সমাজে মাদক, জুয়া ও অনলাইন আসক্তির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় উৎসাহিত করতেই এ ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Related Articles

Back to top button