জামালপুর

করদাতাদের হয়রানি নয়, সহযোগিতা করাই পিএসআর যাচাইয়ের লক্ষ্য

শফিকুল ইসলাম,জামালপুর: করদাতাদের হয়রানি করা নয়, বরং সঠিক কর ব্যবস্থাপনার আওতায় এনে আয়কর আইন পরিপালনে সহযোগিতা করাই পিএসআর যাচাইয়ের মূল উদ্দেশ্য।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ময়মনসিংহ কর অঞ্চল (পরিদর্শী-২) স্থানীয় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের নিয়ে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ে এই সভার আয়োজন করে।

সভায় প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে তাদের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে কর পরিশোধের আন্তরিক আহ্বান জানানো হয়।

ময়মনসিংহ কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার এস এম গালিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পি।

সভার শেষ পর্যায়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা অতিথিদের কাছে আয়কর বিষয়ক নানা প্রশ্ন তুলে ধরেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

Related Articles

Back to top button