দেওয়ানগঞ্জ

মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে চার যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উপজেলা প্রশাসন থেকে জানা যায়- সোমবার পৌর শহরের গোহাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় আবু চন্দ্র দাসকে আটক করে পুলিশ। অন্যদিকে শহরের ডালবাড়ি এলাকায় নিজ বাড়িতে বসে মাদক সেবনের সময় হাবিল এবং তার দুই সহযোগী ফয়সাল ও ফুল মাহমুদকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তারা নিজেদের অপরাধ স্বীকার করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের মাঝিপাড়া এলাকার সূর্যকান্ত দাসের ছেলে আবু চন্দ্র দাস (৩০), চর কালিকাপুর এলাকার আবু সামার ছেলে ফয়সাল (৩৫), কালিকাপুর এলাকার মিনা আলীর ছেলে ফুল মাহমুদ (২৪) এবং ডালবাড়ি এলাকার মৃত সোলাইমান হকের ছেলে হাবিল (৪৫)।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান- আটক হওয়া চার যুবক ইয়াবা সেবনের কথা স্বীকার করায় তাদের এই সাজা দেওয়া হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Back to top button