মেলান্দহ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও চারা বিতরণ

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও চারা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, অতীতে যারা গণতন্ত্র হরণ করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে, জনগণ তাদের কর্মকাণ্ড ভুলে যায়নি। এ দেশের মানুষ সবসময় গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। জনগণই বিএনপির মূল শক্তি ও প্রাণ।

দেশ ও দলের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সেসব চক্রান্ত মোকাবিলার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুরে মেলান্দহ উমির উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক এস এম তালাত মাহমুদ, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আলম সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক নুরনবী মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Related Articles

Back to top button