১ হাজার ৭৫ মিটার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৫ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার বিকেলে উপজেলার খরকা বিলের পূর্ব অংশ এবং তারতাপাড়া খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। এতে ৮৫০ মিটার দৈর্ঘ্যের ১৭টি চায়না দুয়ারি বা রিং জাল এবং ২২৫ মিটার দৈর্ঘ্যের তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়।
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা অংশ নেন।
মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও রেণু পোনা রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। চায়না দুয়ারি ও কারেন্ট জালের ফাঁদ ছোট হওয়ায় এতে ছোট-বড় মাছের পাশাপাশি রেণু পোনা ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
তিনি জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে স্থানীয় জেলেদের সচেতন করা হচ্ছে। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




