আখ ক্ষেতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে আখ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আব্দুল মোতালেব (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান- মঙ্গলবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের আখক্ষেত পরিচর্যা করছিলেন মোতালেব। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
পরে বিকেলে স্বজনদের অনুরোধে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাপের কামড়ে আহত ওই কৃষককে দুপুরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে স্বজনদের ইচ্ছায় তাকে জামালপুরে স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান।




