দেওয়ানগঞ্জপ্রধান খবর

‘আওয়ামী লীগ সরকার বিদ্যুতের নামে শুধু সংযোগ দিয়েছে’ – মিল্লাত

দেওয়ানগঞ্জে মিল্লাতমহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: আওয়ামী লীগ সরকার বিদ্যুতের নামে শুধু সংযোগ দিয়েছে, কিন্তু পরবর্তীতে তা কীভাবে চলবে, সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ‘গত অন্তর্বর্তী সরকারও বিদ্যুতের জন্য কোনো কাজ করেনি। যে কারণে বিদ্যুতের এই সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে আপনারা কষ্ট করছেন। বিগত আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই নষ্ট, পচা রাষ্ট্রকে পুনরায় মেরামত করতে একটু সময় দিতে হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা দুই ঘণ্টা পিছিয়ে বিকেল ৫টায় শুরু হয়। সকাল থেকেই দেওয়ানগঞ্জে থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী জনসভায় যোগ দেন। এতে জনসভাস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

জনসভায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দ্বিতীয় যমুনা সেতু বাহাদুরাবাদ-বালাসী রুটে নির্মাণের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। কৃষকদের মধ্যে যাতে সারের সংকট তৈরি না হয়, সে জন্য প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়া হবে।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বেকার সমস্যা নিরসনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কোনো বেকার থাকবে না। চাকরি, ঋণ নিয়ে ব্যবসা অথবা জনশক্তি হিসেবে বিদেশে পাঠানোর মাধ্যমে হলেও বেকারত্ব দূর করা হবে।

উপজেলা বিএনপির সহসভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন এমপি-পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন।

এ ছাড়া উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা বক্তব্য দেন। বৃষ্টির মধ্যেও জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Back to top button