মাদক সেবন ও বহনের দায়ে পিতা-পুত্রের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
মহসিন রেজা রুমেল ,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহন করার দায়ে পিতা নুরু শেখ (৬০) ও পুত্র হাবিব (২২) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (০৮ মে) পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
দন্ডপ্রাপ্ত নুরু শেখ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে ও হাবিব একই এলাকার নুরু শেখের ছেলে। তারা সম্পর্কে পিতা-পূত্র।
উপজেলা প্রশাসন থেকে জানা যায়- শুক্রবার উত্তর কালিকাপুর এলাকায় অভিযুক্তের বাড়ির পাশে এক কাঠ বাগানে মাদক সেবন করছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পিতা-পুত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- গাঁজা সেবন ও বহনের কথা স্বীকার করেন ওই পিতা-পুত্র। তাদের কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।




