যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশু
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে উসমান গনি (৮) ও ইসমাইল হোসেন (৭) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ উসমান গনি রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে এবং ইসমাইল হোসেন একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান- গরমের কারণে দুপুরে ৪ থেকে ৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে উসমান ও ইসমাইল ভেসে যেতে শুরু করে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা করলেও ততক্ষণে দুই শিশু নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা পার হলেও শিশু দুটির কোনো সন্ধান মেলেনি।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. শহীদুল ইসলাম বলেন- ‘সংবাদ পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখনও শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রবল স্রোতের কারণে তারা অন্য কোথাও ভেসে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন- ‘পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।’




