স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল
স্টাফ রিপোর্টার: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় জেলা ও সদর উপজেলা এনসিপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা রক্ষায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।
সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তা মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন- জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাটি শুধু একটি স্থাপনার ওপর হামলা নয়, বরং এটি মুক্তিকামী মানুষের চেতনা ও গণ-আকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এনসিপি জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন সাকিল তার বক্তব্যে দাবি করেন- বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আহ্বান করে মন্তব্য করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা রাজপথে দাঁতভাঙা জবাব দেবে।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন- “আজ তারা শুধু জুলাই স্মৃতি স্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে।” দৃশ্যমান আইনি পদক্ষেপের দাবি জানিয়ে তার ভাষ্য, নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছোটখাটো লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়।
সমাবেশে এনসিপি, ছাত্রশক্তি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




